জাহিদ হাসান, ঢাকা:
ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার।
কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে প্রায় ৭ বছর ৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন ৪ হাজার ২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)। তারা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রকল্প শেষ হওয়ার পর কর্মহীন হয়ে পড়েছেন।
বক্তারা জানান, এলএসপিদের কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, ডিম, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, কৃষকদের কারিগরি সহায়তা এবং ৬ হাজার ৫০০টি উৎপাদনকারী দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। কিন্তু প্রকল্প সমাপ্তির পর তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি দ্রুত দাবি বাস্তবায়ন না হলে অনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের প্রধান সমন্বয়ক এস এম জামান, সদস্য সচিব শরীফ হোসেন, যুগ্ম সমন্বয়ক মোখলেছুর রহমান, যুগ্ম সদস্য সচিব নাসরুল্লাহ হাসান, উপদেষ্টা সদস্য সচিব জয়নাল আবেদীন, প্রচার সমন্বয়ক শফিকুল ইসলাম এবং যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা।