জাকির হোসেন, পিরোজপুর:
ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে পিরোজপুর শহরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে ড্রেন, রাস্তা বা খোলা স্থানে বর্জ্য না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান।
তিনি জানান, প্রতিটি মহল্লায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের জন্য মাসিক নামমাত্র ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচিকে টেকসই করতে তরুণদের সমন্বয়ে এলাকাভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ বর্জ্য পরিবহন গাড়ি প্রদান করা হবে।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমরা যদি নির্ধারিত স্থানে ময়লা না ফেলি, তাহলে রাস্তাঘাট কখনোই পরিষ্কার থাকবে না। নিজেদের ও আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্য সবাইকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে হবে।”
অনুষ্ঠান শেষে প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন নিজেই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ড্রেন পরিষ্কার করেন। তার এ উদ্যোগ উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
জেলা পরিষদের এ কর্মসূচি বাস্তবায়নে পিরোজপুর পৌরসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পিরোজপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও মাদকমুক্ত মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।