মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

আইটি ও কর্মসংস্থানে সহযোগিতা জোরদারের আলোচনা

সময়ের চিত্র ডেস্ক:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়েছে।

তারেক রহমান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সহযোগিতার সুযোগ নিয়ে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করেছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তোলা এবং সংকট সমাধানে সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠক শেষে তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। এ উপলক্ষে মালয় ও বাংলা ভাষার গানসহ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর