খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলার সমালোচনা প্রধানমন্ত্রীর

সময়ের চিত্র ডেস্ক:

সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য বরাদ্দ রাখা বাজেটকে ‘চানাচুর’ বা ‘গণবিরোধী’ বলে সমালোচনা করার প্রবণতার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় চা-বাগানের শ্রমজীবী নারী কর্মীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আজ শ্রীমঙ্গলে এ কার্যক্রম শুরু হয়েছে।

 

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই এ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

 

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এতে ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা, শিক্ষার্থীদের খেলাধুলা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এসব উদ্যোগ মূলত নিম্ন ও মধ্যআয়ের মানুষের কল্যাণে নেওয়া হয়েছে।

 

তিনি অভিযোগ করেন, জনগণের কল্যাণে প্রণীত এই বাজেটকে কিছু মহল নেতিবাচকভাবে উপস্থাপন করছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে করা বাজেটকে ‘চানাচুর’ বা ‘গণবিরোধী’ আখ্যা দেওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর