প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, জনসেবার মান উন্নয়নে প্রশাসনের সব স্তরে দক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নোত্তর পর্বে জেলা প্রশাসক সম্মেলনে দেওয়া নির্দেশনাগুলোর বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী জানান, প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রতিরোধ ও দমনমূলক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত ও জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, যোগ্যতা ও দক্ষতাকেই প্রধান বিবেচ্য হিসেবে গ্রহণ করতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণ এবং জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তর কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ, আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ এবং জনগণের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জনসেবার মান বৃদ্ধি পাবে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

এই বিভাগের আরো খবর