সময়ের চিত্র ডেস্ক:
গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে সামনে রেখে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সম্পাদক পরিষদের পক্ষ থেকে ২৮২ জন সাংবাদিকের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান সম্পাদক পরিষদের সদস্য ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
তিনি বলেন, তালিকাভুক্ত সাংবাদিকদের মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তালিকাটি সম্পূর্ণ নাও হতে পারে উল্লেখ করে তিনি জানান, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তথ্য সংগ্রহ করে এটি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়েছে।
মাহফুজ আনাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। একই সঙ্গে এটি সরকারের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সম্পাদক পরিষদের পক্ষ থেকে মত তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে বৈঠকে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির।
বৈঠকে সম্পাদক পরিষদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—নুরুল কবির, দেওয়ান হানিফ মাহমুদ, মতিউর রহমান, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, শামসুল হক জাহিদ, এ এম এম বাহাউদ্দিন, রুশো মাহমুদ ও মো. মোজাম্মেল হক।
সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।