চীনের যুবক কুড়িগ্রামের মেয়েকে বিয়ে করে শশুরবাড়ীতে এলেন 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

রোববার (১৭ মে) সকালে বিদেশি জামাই কুড়িগ্রামে, এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

এর আগে গতকাল শনিবার ওই যুবক প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসলে উৎসুক জনতার ভিড় জমে যায় বাড়িটিতে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোঃ মোফাজ্জল হোসেন ও মোছাঃ শাহেরা বেগম দম্পতির মেয়ে মোছাঃ মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

 

বিয়ের পর শনিবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোছাঃ মোর্শেদা খাতুন। এ সময় ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন।

 

স্থানীয় কয়েকজন জানান, বিদেশি নাগরিক পরিচয় পাওয়ায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়। তবে ওই যুবকের কাছে থাকা পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

মোছাঃ মোর্শেদা খাতুন জানান, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে চায়না যুবক আমাকে পছন্দ করে ঢাকায় বিয়ে করে, সে আমাকে চায়নায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই আমি আমার গ্রামের বাড়িতে তাকে নিয়ে ঘুরতে এসেছি।

 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোঃ ফেরদৌস আলম বলেন, “চীনের নাগরিক এসেছে এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন।

 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের সম্পর্কের টানে চায়নার যুবক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মেয়েকে বিয়ে করে কাশিপুরে এসেছে বিষয়টি জেনেছি।

এই বিভাগের আরো খবর