সময়ের চিত্র রিপোর্ট:
কুমিল্লাকে বিভাগ হিসেবে গঠনের বিষয়ে জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সম্মতি ও দাবি থাকলে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “সবার আগে দেশ, আর এই দেশ সবার।”
তিনি আরও বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, “সবাই যদি একমত হন, তাহলে অবশ্যই বিষয়টি বাস্তবায়নের পথে এগোনো হবে।”
দুপুর সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী সভামঞ্চে পৌঁছালে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বাড়তে থাকে।
পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যান। সেখানে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে আরেকটি খাল পুনঃখনন কার্যক্রমেরও সূচনা করেন।