জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে প্রক্টর কার্যালয়ে তালা

নতুন কর্মসূচির ঘোষণা

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন তারা।

শনিবার সকালে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপন, বিভ্রান্তি ছড়ানো এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। পরে আন্দোলনকারীরা প্রক্টর কার্যালয়ের দরজায় নতুন তালা ঝুলিয়ে দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজিলাতুন্নেছা হল সংসদের সাধারণ সম্পাদক ফারজানা তাবাসসুম। তিনি জানান, গত ১৩ মে নারী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। সময়সীমা শেষ হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, প্রশাসন প্রথমে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে অবস্থান পরিবর্তন করে। এতে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটিকে প্রশাসনের দায়িত্বহীনতা ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এ ঘটনায় প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থানকালে কয়েকজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তবুও তারা কর্মসূচি চালিয়ে যান। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো আশ্বাস না পেয়ে তারা হতাশ হয়েছেন।

এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, ভোর পর্যন্ত প্রক্টর তাদের সামনে আসেননি। পরে এসে আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তোলেন, যা শিক্ষার্থীরা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এই বিভাগের আরো খবর