সময়ের চিত্র ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান’ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানান, একটি নিরাপত্তা চৌকির সামনে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় চৌকিটি পুরোপুরি ধসে পড়ে। পরে সশস্ত্র হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারীরা প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে, এরপর চারদিক থেকে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী পাঠানো হলেও তারাও হামলার মুখে পড়ে।
এদিকে হামলায় ড্রোন ব্যবহারের অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্র বলছে, বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম