শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

সময়ের চিত্র ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি গাড়িতে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। চলন্ত গাড়ির ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়া হলে চন্দ্রনাথ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজনৈতিক সূত্র বলছে, সম্প্রতি ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে সক্রিয়ভাবে কাজ করছিলেন চন্দ্রনাথ রথ ও বুদ্ধদেব বেরা। নিহত চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এই বিভাগের আরো খবর