সাংবাদিকদের জন্য শিক্ষাগত মানদণ্ড ও ডাটাবেজ তৈরির উদ্যোগ

সময়ের চিত্র ডেস্ক:

সাংবাদিকতার মানোন্নয়ন, ভুয়া সংবাদ প্রতিরোধ এবং প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত করতে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও একটি কেন্দ্রীয় অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। অধিবেশনটি ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, ডিজিটাল যুগে দ্রুত তথ্যপ্রবাহের পাশাপাশি ভুয়া খবর ও অপপ্রচার রোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে নানা কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ এবং নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। নিয়মিতভাবে ঢাকা ও ঢাকার বাইরে কর্মশালা পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া, ভুয়া সংবাদ প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার, গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী আরও জানান, বিদ্যমান আইনের আওতায় সাংবাদিকতার নীতি লঙ্ঘনের অভিযোগ প্রেস কাউন্সিলে দায়েরের সুযোগ রয়েছে এবং বর্তমানে কয়েকটি অভিযোগ বিচারাধীন আছে। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা বাড়াতে বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত ডাটাবেজ ও শিক্ষাগত মানদণ্ড কার্যকর হলে সাংবাদিকতায় স্বচ্ছতা ও পেশাগত মান আরও সুসংহত হবে।

এই বিভাগের আরো খবর