সময়ের চিত্র ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ অতিক্রম করতে না পেরে ‘রিচ স্টারি’ নামের একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালিতে ফিরে গেছে। জাহাজটি পারস্য উপসাগর থেকে বের হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাধার মুখে দিক পরিবর্তন করতে বাধ্য হয়।
শিপিং সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) জাহাজটি উপসাগর ত্যাগের চেষ্টা করে। তবে পরদিন বুধবার আবারও হরমুজ প্রণালিতে অবস্থান নিতে দেখা যায়। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধের ঘোষণা দেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে অনিশ্চয়তা বেড়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই তাদের নিয়ন্ত্রণ ভেদ করতে পারেনি। কয়েকটি জাহাজকে নির্দেশনা মেনে ফিরে যেতে হয়েছে।
এদিকে ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে যাত্রা করা একাধিক ট্যাংকারকেও মার্কিন নৌবাহিনীর বাধার মুখে পড়তে হয়েছে। এর মধ্যে চীনা মালিকানাধীন ‘রিচ স্টারি’ ছিল অন্যতম। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে উল্লেখযোগ্য পরিমাণ মিথানল বহন করছিল এবং আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল।
অন্যদিকে ‘অ্যালিসিয়া’ নামের আরেকটি বড় ট্যাংকার হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজটি ইরাক থেকে তেল বোঝাই করার উদ্দেশ্যে যাচ্ছে বলে জানা গেছে।
বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি পরিবহন খাতে উদ্বেগ বাড়ছে। জাহাজ মালিক, তেল কোম্পানি ও বিমা সংস্থাগুলোর মধ্যে ঝুঁকি নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক উত্তেজনার আগে প্রতিদিন এই পথ দিয়ে শতাধিক জাহাজ চলাচল করলেও এখন তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।