হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী

সময়ের চিত্র রিপোর্ট:

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আজকের শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে লালবাগ এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আসামি করা হয়। তবে শুনানিতে আসামিপক্ষ দাবি করে, ওই ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই।

এর আগে গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ড আবেদন করে এবং জামিন আবেদনও করা হয়। সেদিন আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ তিনি জামিন লাভ করেন।

এই বিভাগের আরো খবর