কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক পীরকে হত্যার ঘটনায় এলাকায় এখনো উদ্বেগ ও চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার একদিন পার হলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার দুপুরে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামিম বাবার দরবার শরিফ’-এ হামলার ঘটনা ঘটে। এতে দরবারের পীর আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হন।
দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিম নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
পরে আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।