৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান যাত্রা শুরু করেছিল। বাংলাদেশ টেলিভিশনের এই জনপ্রিয় আয়োজনটি একসময় বন্ধ থাকলেও বর্তমানে তা আবার সম্প্রচার হচ্ছে। এবার সেই ধারাবাহিকতায় ভিন্ন আঙ্গিকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ও সম্ভাবনাময় শিশু-কিশোরদের খুঁজে বের করে সুশৃঙ্খল প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার আওতায় আনা হবে এই উদ্যোগের মূল লক্ষ্য।

জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল—ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা আজ থেকেই শুরু হলো।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া এখন আর শুধু বিনোদন, শখ বা শরীরচর্চার বিষয় নয়, বরং এটি একটি স্বীকৃত পেশা ও সম্ভাবনাময় খাত। বাংলাদেশকেও এই জায়গায় এগিয়ে নিতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এই বিভাগের আরো খবর