সময়ের চিত্র রিপোর্ট:
দলীয় কর্মসূচি বা সমাবেশের কারণে জনদুর্ভোগ তৈরি করে সড়ক বন্ধ করে দেওয়া যাবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানান, রাস্তাঘাট স্বাভাবিক না থাকলে তার পক্ষে ভবিষ্যতে দলীয় কার্যালয়ে আসা সম্ভব হবে না।
শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সমবেত কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দলীয় কার্যক্রম চলবে নিয়মতান্ত্রিকভাবে এবং এমনভাবে, যাতে সাধারণ মানুষের চলাচল বা দৈনন্দিন জীবন ব্যাহত না হয়। তিনি জানান, দলীয় অফিসে তিনি আবারও আসবেন, তবে সেই পরিবেশ অবশ্যই স্বাভাবিক রাখতে হবে।
তিনি আরও বলেন, যদি কেউ তাকে নিয়মিত পল্টন কার্যালয়ে দেখতে চান, তাহলে রাস্তা খোলা রাখতে হবে এবং জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না। এ সময় তিনি দ্রুত সড়ক ফাঁকা করার নির্দেশও দেন।
দেশের বর্তমান পরিস্থিতি ও মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সারা দেশের নেতাকর্মীদের উচিত আইন মেনে মানুষের পাশে থাকা। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ কষ্ট পায় বা ভোগান্তিতে পড়ে। তিনি ধৈর্য, শৃঙ্খলা ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
বক্তব্যের শেষ দিকে তিনি উপস্থিত সবাইকে সড়কের একপাশে সরে দাঁড়াতে বলেন, যাতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকে। তিনি উল্লেখ করেন, জনগণের অসুবিধার কারণ হওয়া কোনোভাবেই কাম্য নয়।
তার এই নির্দেশনার পর নয়াপল্টন এলাকায় অবস্থান নেওয়া নেতাকর্মীরা দ্রুত রাস্তা ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।