সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাজারে চাহিদা হঠাৎ বেড়ে গেলেও সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানির কোনো ঘাটতি নেই।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় একটি ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ইরান-সংকটের আগেও দেশের বিভিন্ন পাম্পে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হতো, এখনো একই মাত্রায় সরবরাহ অব্যাহত আছে। তবে সাম্প্রতিক উদ্বেগের কারণে মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনতে ভিড় করছেন। ফলে আগে যেখানে একটি চালান বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ সরকারের হাতে রয়েছে। সরবরাহ ব্যবস্থাও সচল আছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এ সময় মন্ত্রী অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। মজুতদারি ও কালোবাজারি ঠেকাতে সরকার ইতোমধ্যে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে। বিভিন্ন এলাকায় প্রশাসনের অভিযানও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গুজব বা আতঙ্ক ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার ধীরে ধীরে সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। বিদ্যুতের চাহিদা অনুযায়ী উৎপাদন বজায় থাকায় বর্তমানে লোডশেডিং পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সংশ্লিষ্ট সৌর বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।