সময়ের চিত্র রিপোর্ট :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টার পর রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বিভিন্ন বাহিনী ও ইউনিটের অংশগ্রহণে শুরু হয় মনোমুগ্ধকর মার্চপাস্ট।
এবারের কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ফ্লাই পাস্ট, যা দেখতে প্যারেড স্কয়ারে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক দর্শনার্থী। কুচকাওয়াজের পাশাপাশি আকাশপথের প্রদর্শনীও দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আগতদের ব্যাগ সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।