সময়ের চিত্র ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকামুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটি ফৌজদারহাট অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট। তাদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরানোর কাজ চলছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।