সময়ের চিত্র ডেস্ক:
বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহারের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
স্টেশন সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার রেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সঠিক আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকৃত অন্তত আটজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকজনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যাদের আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।