আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আক্রমিনিয়া জানিয়েছেন, এই যুদ্ধে এমন কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা আগে কখনো ব্যবহার করা হয়নি।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে এসব অস্ত্রের ব্যবহার আরও বাড়ানো হবে এবং এর প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হবে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষ সাম্প্রতিক হামলার সময় আগের তুলনায় বেশি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরনে পরিবর্তন এসেছে।
এছাড়া, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের মাত্রা বাড়িয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও অতীতেও সীমিত আকারে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, বর্তমানে এর ব্যবহার বেড়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।