চট্টগ্রামের পটিয়ায় খড় পোড়ানোর ধোঁয়ায় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১, আহত ৮

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় রাস্তার পাশে খড় পোড়ানোর ফলে ঘন ধোঁয়ায় সড়ক ঢেকে গেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুরদিঘী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাঁশি মোহন দাশ (৫০), তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সড়কের পাশে খড়ে আগুন দেওয়ায় ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে পড়ে। এতে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সময়ে মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর