বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩, আহত ৯

সময়ের চিত্র ডেস্ক:

ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন যাত্রীরা। বগুড়ার শেরপুরে একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দের পর মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো যানবাহনে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই চালক আগুনে পুড়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর