রাজশাহীতে বিএনপি–জামায়াতের সংঘর্ষে একজন নিহত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলাউদ্দিন নামের জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এই সংঘর্ষ ঘটে। উপজেলা জামায়াতের আমির মাওলানা জি এ এম আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে শনিবার রাতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী–নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এই বিভাগের আরো খবর