৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ইমিসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শাহবাগ থানা পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায়।

কারাগারে পাঠানো তিনজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, শহীদুল্লাহ হল ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক আসিফ আহমেদ সৈকত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল আল মামুন।

পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর সময় আসিফ আহমেদ সৈকতকে আটক করা হয়। পরে তার আটকের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে পুনরায় ভাষণ বাজানোর কর্মসূচি দেন শেখ তাসনিম আফরোজ ইমি ও আব্দুল আল মামুনসহ কয়েকজন।

এ সময় রিকশায় করে মাইক ব্যবহার করে ভাষণ বাজানোর চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাতে বাধা দেন। একপর্যায়ে তাদের শাহবাগ থানায় নিয়ে দেওয়া হয় এবং পরে পুলিশ তিনজনকেই আটক করে।

পরে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, থানার বিপরীত পাশে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে তারা উসকানিমূলক স্লোগান দেয় এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করে। পাশাপাশি পুলিশের কাজে বাধা দিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর