সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

সময়ের চিত্র ডেস্ক :

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এগুলো শনাক্ত করা হয়। ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে সেখানে থাকা লোকজন বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছে দুপুর ২টার দিকে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করা হয় এবং আলামত সংগ্রহ করে হেফাজতে নেওয়া হয়।

কে বা কারা এসব গ্রেনেড সেখানে রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই বিভাগের আরো খবর