সময়ের চিত্র ডেস্ক:
চলতি বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জ্বালানি সাশ্রয় ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতা দিবসে সাধারণত সারা দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে এ বছর জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব সহিংসতা এবং তাৎক্ষণিক অপরাধ—দুটি বিষয় এক নয়। কোনো ঘটনার তদন্তের আগে সেটিকে মব সহিংসতা হিসেবে আখ্যা দেওয়া ঠিক নয়।’ একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশে মব সংস্কৃতি ধীরে ধীরে নির্মূল হবে।
এ ছাড়া তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁদের আশ্বাস অনুযায়ী, ঈদের আগেই শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রমের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।