রংপুর প্রতিনিধি:
রংপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট এলাকার দমদমা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পিকআপ ভ্যানের সহকারী আরিফ (২০), যাত্রী শাহিনা (২৮) এবং এক বছরের শিশু ওয়ালিদ ওরফে স্বাধীন। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মহিগঞ্জগামী একটি মালবাহী পিকআপ ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাক ও পিকআপ জব্দ করেছে। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।