সময়ের চিত্র ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে যাত্রীদের চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্ধারিত সাপ্তাহিক ডে-অফও সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ১-৪ অক্টোবর সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা অনেক বাড়বে। এ সময়ে যাত্রীসেবায় চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে, যা যাত্রীদের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করবে।
বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী—
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস (৭৬০/৭৫৯) ও মধুমতি এক্সপ্রেস (৭৫৬/৭৫৫)-এর সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে না। ওই দিনগুলোতেও ট্রেন চলবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে আগের মতো নিয়মিত ডে-অফ কার্যকর হবে। টিকিট অনলাইনে কেনা যাবে।
পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চার জোড়া ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেনের টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
যাত্রীসুবিধা নিশ্চিত করতে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা হবে। বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ভিজিলেন্স টিম কাজ করবে বলে জানায় রেলপথ মন্ত্রণালয়।