এশিয়া কাপ:

আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান: রোববার ফের ভারত-পাক মহারণ

খেলা ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর সেই সঙ্গে আসছে রোববার আবারও ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হলো।

 

বুধবার নানা জটিলতার পর মাঠে নামে পাকিস্তান দল। প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১৪৬ রান। ওপেনাররা দ্রুত ফিরলেও দলের হাল ধরেন ফখর জামান। তিনি ৩৬ বলে ৫০ রান করেন ২ চার ও ৩ ছক্কার সাহায্যে। ইনিংসের শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন শাহিন আফ্রিদি। ১০ নম্বরে নেমে মাত্র ১৪ বলে করেন অপরাজিত ২৯ রান (৩ চার, ২ ছক্কা)। এ ছাড়া হ্যারিস ১৮ রানের ছোট্ট ইনিংস খেলেন।

 

আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেনেইদ সিদ্দিকি, যিনি মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। সিমরণজিৎ সিং নিয়েছেন ১৬ রানে ৩ উইকেট।

 

জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে আমিরাত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় জুটি গড়তে পারেনি তারা। ওপেনার ও মিডল অর্ডার কেউই দাঁড়াতে না পারলেও রাহুল চোপড়া (৩৫ বলে ৩৫) এবং ধ্রুব পরাশর (২৩ বলে ২০) কিছুটা প্রতিরোধ গড়েন। তবে শেষদিকে মাত্র ১৭ বলে ৬ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় আমিরাত।

 

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি বল হাতে ১৬ রানে ২ উইকেট নিয়ে, সঙ্গে ব্যাটিংয়ে ২৯ রান করে ম্যাচসেরা হন। আবরার আহমেদ নেন ২ উইকেট, রউফ নেন ২ উইকেট এবং সলমনও নেন ১টি উইকেট।

 

এই জয়ের ফলে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এখন তাদের নজর আসন্ন ভারত ম্যাচে, যা অনুষ্ঠিত হবে রোববার। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন করে ভারত-পাকিস্তান দ্বৈরথের জন্য।

এই বিভাগের আরো খবর