আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় তিন পুলিশ আহত

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে আল-আমিন নামে এক সদস্য গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সময় পুলিশের একটি দল সেখানে অভিযান চালাতে গেলে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

 

হামলায় মূল নেতৃত্ব দেয় জনি ও রনি নামের দুজন। তাদের সঙ্গে আরও কয়েকজন সক্রিয় ছিল—নাজির, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও মাদক ব্যবসায়ী রাজু। এরা সবাই দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয়দের দাবি, মোহাম্মদপুর-আদাবর এলাকায় ‘কবজি কাটা গ্রুপ’ নামে পরিচিত কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে সক্রিয়। মূলহোতা আনোয়ার বর্তমানে কারাগারে থাকলেও তার সহযোগীরা এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা নিয়মিত চাঁদাবাজি, মাদক ব্যবসা ও খুনোখুনি ঘটনার সঙ্গে জড়িত। এমনকি একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে ফের একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “সোমবার রাতে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় এক পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। আল-আমিন নামে এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তার হাতে কোপ লেগেছে, বর্তমানে তিনি হাসপাতালে আছেন।”

 

তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কোন গ্রুপ থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর