সুদানে ভয়াবহ ভূমিধস: নিশ্চিহ্ন একটি গ্রাম, নিহত হাজারের বেশি

সময়ের চিত্র ডেস্ক:
সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় একটি পুরো গ্রাম মাটিচাপা পড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। স্থানীয় সূত্র জানায়, প্রায় পুরো গ্রামই নিশ্চিহ্ন হয়ে গেছে, বেঁচে গেছেন মাত্র একজন।

গত ৩১ আগস্ট টানা ভারী বর্ষণের পর এই ভূমিধস ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে স্থানীয় এক গ্রুপ, যারা দারফুরের ওই এলাকা নিয়ন্ত্রণ করে। তারা জানিয়েছে, নারী-পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জরুরি সহায়তা প্রয়োজন। এজন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সুদানে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে চলমান দ্বন্দ্বে হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে দারফুরের দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। যেখানে পর্যাপ্ত খাবার ও চিকিৎসার ব্যবস্থা ছিল না। এবার প্রাকৃতিক দুর্যোগে সেই শরণার্থীরাই প্রাণ হারালেন।

গৃহযুদ্ধ আর প্রাকৃতিক বিপর্যয়ের দুঃসহ বাস্তবতায় সুদানের অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

এই বিভাগের আরো খবর