চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে দুই বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
রবিবার (১৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে প্রক্যাশে তাদেরকে কুপিয়ে জখম করা হয়।
আহত হলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি ও চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা আলিয়ার আরবি বিষয়ক প্রভাষক মোরেজাউল করিম খন্দকার (৪৮)। অপরজন হলেন- দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো আবু তাহের মাষ্টার( ৪০)।
চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে আহত বিএনপি নেতা আবু তাহের মাষ্টার বলেন, রবিবার দুপুরে প্রভাষক রেজাউল করিম খন্দকার ও আমি তার বাসা থেকে বের হয়ে জোহরের নামাজ আদায় করতে মসজিদে রওনা হলে বাসস্ট্যান্ড মোড়ে অস্ত্রধারী আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিম খন্দকারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাকে উদ্ধার করতে গেলে আমাকেও তার হাতের অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সে পালিয়ে যায়। আবুল হোসেন স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর ইন্ধনে আগ থেকেই সেখানে উৎপেতে ছিলেন। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার নেয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, রেজাউল করিম খন্দকারের রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একদল সন্ত্রাসী বাহিনী অস্ত্রধারী আবুল হোসেনকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। আবুল হোসেনের সাথে আমার বা রেজাউল করিম খন্দকারের পূর্বে কোনো বিরোধ নাই। আমরা এই ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিঝুম নাহিয়া বলেন, মোরেজাউল করিম খন্দকার ও আবু তাহের নামে দুইজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাদের দুজনকে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রভাষক রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক। তার ৭ টি স্থানে মারাত্মক ক্ষত হয় এবং আবু তাহেরের একটি স্থান ক্ষত হয় তাই তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
এই ঘটনার পরপর অভিযুক্ত আবুল হোসেন পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এবং ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।