স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
রোববার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত “গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে যেন কখনো চরমপন্থা বা মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে বিএনপি প্রত্যাশী। এ জন্য সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণ অতীতে স্বৈরাচারকে পরাজিত করেছে। সেই স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, তবে তা গণতন্ত্র রক্ষায় প্রতিবন্ধক নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, দেশের মালিক প্রকৃত নাগরিকরা। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, “জবাবদিহিমূলক অবস্থা তৈরি করতে হলে মানুষের ভোটাধিকার রক্ষা করতেই হবে।”
তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।