আজ থেকে শুরু হচ্ছে এইচ.এস.সি পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি ।।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচ.এস.সি পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচ.এস.সি পরীক্ষায় গতবছরের তুলনায় কলেজের সংখ্যা কমলেও বেড়েছে ৯ হাজার পরীক্ষার্থী। বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক তথ্যে জানাযায়, রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৩টি কলেজ থেকে ২০২৩ সালের এইচ.এস.সি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী। এ জন্য কেন্দ্র স্থাপন করা হয়েছে ২০৫টি। আর গত ২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষায় এই ৮টি জেলার ৬৭৪টি কলেজ থেকে অংশ নেয় ১ লাখ ১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী। অর্থ্যাৎ গত বছরের তুলনায় এবার ১১টি কলেজ কমলেও বেড়েছে ৯ হাজার ৮ জন পরীক্ষার্থী। এ জন্য এবার ৩টি পরীক্ষা কেন্দ্রও বাড়ানো হয়েছে। গতবছর পরীক্ষা কেন্দ্র ছিলো ২০২টি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্যে উল্লেখ করা হয়, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশী। এবার মোট ছাত্র ৫৪ হাজার ৫১৯ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৩৭১ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে এবার বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ২৯১ জন, মানবিক বিভাগে ৭৪ হাজার ৫২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৫৪৭ জন।

এবার নিয়মিত পরীক্ষার্থী ৯৫ হাজার ৯৪১ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫৫ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ৬৮৮ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৬ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদ জানান, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইতিমধ্যে নির্ধারিত থানা ও ভোল্টে প্রেরন করা হয়েছে প্রশ্নপত্র। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানে ইতিমধ্যেই সররকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এই বিভাগের আরো খবর