ক্যাম্পাস প্রতিনিধি, মাভাবিপ্রবি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী টিম বিল্ডিং ফর সেল্ফ অ্যাসেসমেন্ট প্রোগ্রাম শীর্ষক কর্মশালা ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ উমর ফারুক ও সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ কে ওবায়দুল হক।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, আমরা শিক্ষার্থীদের এমন শিক্ষা দেব না যে পাশ করার পর তারা বেকার হয়ে যাবে। আমরা সিলেবাসে এমন কিছু অর্ন্তভুক্ত করব যা পড়লে শিক্ষার্থীদের বেকার হতে হবে না। শুধু সিলেবাসে থাকলেই হবে না প্রতিটি কোর্সে একজন শিক্ষককে যতগুলো ক্লাস নেয়া দরকার সবগুলোই নিতে হবে। শিক্ষার্থীদেরকে সময় উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদেরকেই নিতে হবে। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইংরেজিসহ মোট ৬ টি বিভাগের শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।