এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সময়ের চিত্র ডেস্ক :

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চলতি বছরের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিল ১৮ লাখের বেশি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা বোর্ডের ক্ষেত্রে নমুনা হবে:

SSC DHA ROLL YEAR

দাখিল পরীক্ষার্থীদের জন্য লিখতে হবে:

SSC MAD ROLL YEAR

আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফরম্যাট হবে:

SSC TEC ROLL YEAR

এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে, যার মধ্যে প্রযোজ্য সব কর অন্তর্ভুক্ত রয়েছে।

দাখিল ও ভোকেশনালের ফলও অনলাইনে

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অনলাইনে একসঙ্গে প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে প্রতিষ্ঠান কোড ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট সংগ্রহ করা যাবে।

এ ছাড়া result.bteb.gov.bd, educationboardresults.gov.bd এবং eduboardresult.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল ও গ্রেডভিত্তিক ট্রান্সক্রিপ্ট দেখা যাবে।

দাখিল পরীক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট bmeb.gov.bd-এর ‘অনলাইন সেবা-০১’ বিভাগে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’ নির্বাচন করেও ফল জানতে পারবে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের জন্য ebmeb.gov.bd-তে গিয়ে ‘DakhileRPS 2026’ নির্বাচন করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।

পরীক্ষা শেষের প্রায় তিন মাস পর ফল

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে গত ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রত্যাশা থাকলেও এবার প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।

পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্ধারিত অনলাইন ব্যবস্থা, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

এই বিভাগের আরো খবর