বিএডিসি চেয়ারম্যানের দরজায় লাথির অভিযোগ, সেই উপসহকারী প্রকৌশলী গুরুত্বপূর্ণ প্রকল্পে পদায়ন

নিজস্ব প্রতিবেদক :

নিজেদের বদলি ঠেকাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রধান কার্যালয়ে জড়ো হয়ে হট্টগোলের অভিযোগ উঠেছে একদল উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। এ সময় চেয়ারম্যানের দপ্তরে কর্মকর্তাদের বৈঠক চলছিল। অভিযোগ রয়েছে, একপর্যায়ে চেয়ারম্যানকে উদ্দেশ করে উচ্চস্বরে চিৎকার ও অশোভন ভাষা ব্যবহার করেন কয়েকজন কর্মকর্তা। তাঁদের মধ্যে ছিলেন ঝালকাঠিতে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একপর্যায়ে মোস্তাফিজুর রহমান চেয়ারম্যানের দপ্তরের দরজায় লাথি দিলে সেটি খুলে যায়। পরে তিনি অন্যদের সঙ্গে দপ্তরের ভেতরে প্রবেশ করেন।

অভিযোগ থাকা সত্ত্বেও মো. মোস্তাফিজুর রহমানকে ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া এলাকা থেকে বাগেরহাটে একটি চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পে পদায়ন করা হয়েছে। এ পদায়ন নিয়ে বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। চেয়ারম্যানের দপ্তরে এমন আচরণের অভিযোগ থাকা একজন কর্মকর্তাকে কীভাবে গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে পদায়ন করা হলো, তা নিয়ে আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে।

বিএডিসির একাধিক সূত্র জানায়, একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে থাকা উপসহকারী প্রকৌশলীদের বদলির উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি এ উদ্যোগের পর বিভিন্ন স্থানে বেশ কয়েকজন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়। এর পর বদলি ঠেকাতে উপসহকারী প্রকৌশলীদের একটি অংশ করপোরেশনের প্রধান কার্যালয়ে জড়ো হয়। তখন চেয়ারম্যানের দপ্তরে কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা চেয়ারম্যানের দপ্তরের দরজার সামনে গিয়ে উচ্চস্বরে চিৎকার করেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। একপর্যায়ে মোস্তাফিজুর রহমান দরজায় লাথি দিলে সেটি খুলে যায় এবং তিনি অন্যদের সঙ্গে দপ্তরের ভেতরে প্রবেশ করেন। ঘটনাটি নিয়ে তখন বিএডিসির কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়।

ঘটনার পর বদলি ঠেকানোর ওই কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তার বদলি স্থগিত হওয়ার কথাও জানা গেছে। তবে তাঁদের বদলি স্থগিতের কারণ বা প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রাজাপুর-কাঁঠালিয়ায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে স্থানীয় ঠিকাদারদের মধ্যে বিভিন্ন উন্নয়নকাজ ও দরপত্রে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। স্থানীয় কয়েকজন ঠিকাদারের দাবি, বিভিন্ন দরপত্রে অন্য ব্যক্তিদের সামনে রেখে কাজ নেওয়া এবং পরে নিজেদের লোকজনের মাধ্যমে কাজ পরিচালনার চেষ্টা করা হতো। কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কয়েকটি বিএডিসির উন্নয়নকাজে ‘আলমগীর’ নামের এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহারের অভিযোগও করেছেন স্থানীয়রা।

এ ছাড়া কাঁঠালিয়ার একটি গার্ডার সেতু এবং জোড়পুল এলাকার একটি সেতুর নির্মাণকাজের মান নিয়েও স্থানীয়দের প্রশ্ন রয়েছে। তাঁদের অভিযোগ, নির্মাণের অল্প সময়ের মধ্যেই কোথাও কোথাও ফাটল দেখা দেয়।

এসব বিষয়ে উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজাপুর-কাঁঠালিয়া কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর