দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাশের ৭৬ দশমিক ৮৭
দিনাজপুর প্রতিনিধি:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা-এসএসসি’তে দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার কমেছে পাশের হার, পাশাপাশি গত বছরের তুলনায় কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। আর গতবছরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা রয়েছে এগিয়ে।
শুক্রবার ঘোষিত দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এসব তথ্য পাওয়া যায়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত ফলাফলে জানাযায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে ২০২৩ সালের এএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাশের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন।
বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৮৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮২ হাজার ৩১ জন। পাশের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯ হাজার ৪১১ জন, পাশের হার ৬৪ দশমিক ৮০ শতাংশ। আর ব্যাবসায়ে শিক্ষা বিভাগে ২ হাজার ৫৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৯০৭ জন, পাশের হার ৭৫ দশমিক ২৩ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রাপ্ত ফলাফলে জানাগেছে, পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ, আর মেয়েদের পাশের হার ৮০ দশমিক ২২ শতাংশ। ছেলে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন এবং মেয়ে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৮২ জন।
এই শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, গতবছর এই শিক্ষা বোর্ডে পাশের হার ছিলো ৮১ দশমিক ১৬ শতাংশ, আর এবার পাশের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ।
পাশাপাশি গতবছরের তুলনায় এবার হ্রাস পায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। গতবছর ২০২২ সালে এই শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পায় মোট ২৫ হাজার ৫৮৬ জন, আর এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১৭ হাজার ৪১০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে রংপুর বিভাগের ৮ জেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৭০৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আর একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রামের র্প্বু কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি।