বৈশাখী টিভির কার্যালয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি

সময়ের চিত্র ডেস্ক:

 

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে উত্তেজনা, হট্টগোল ও মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা টেলিভিশনটির কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেয়।

 

শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বৈশাখী টিভির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, ডিএমডি টিপু আলম মিলনকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা-সংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

 

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু জানান, শনিবার দুপুর ২টার দিকে তারা টেলিভিশনটির কার্যালয়ের সামনে অবস্থান নেন। তার অভিযোগ, টিপু আলম মিলন অফিসে এসে বিএনপিপন্থি সাংবাদিক ও কর্মীদের চাকরি ছাড়তে চাপ দেন। এ খবর পেয়ে তারা সেখানে যান।

 

মিশুর দাবি, টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মামলা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তাকে থানায় গিয়ে বিষয়টি সমাধানের প্রস্তাব দেওয়া হলেও পুলিশের আসতে দেরি হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাদের কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হন বলেও অভিযোগ করেন তিনি।

 

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলায় অভিযুক্ত থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

 

বৈশাখী টিভির একাধিক কর্মীর ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করার বিষয়টি নিয়ে বিরোধের সূত্রপাত। নাহিয়ানের অভিযোগ, শনিবার তাকে চাকরি ছাড়ার কথা বলা হয় এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

 

নাহিয়ান জানান, তিনি প্রায় ১৭ মাস ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। চাকরি ছাড়ার বিষয়ে আলোচনা চলাকালে তিনি তিন মাসের বেতন দিয়ে বিদায় করার প্রস্তাব দেন। পরে মানবসম্পদ বিভাগের (এইচআর) কর্মকর্তারা তাকে কাগজপত্র ও পাওনা বুঝিয়ে নিতে ডাকেন।

 

তিনি বলেন, এইচআর বিভাগের কক্ষে থাকার সময় ডিএমডিকে লোকজন নিয়ে যাওয়ার খবর পান। এ ঘটনায় তাকে জড়িত মনে করে কয়েকজন ক্ষুব্ধ হন এবং তার ওপরও হামলা হয় বলে দাবি করেন নাহিয়ান। তবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ডেকে আনার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

 

নাহিয়ানের ভাষ্য, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদেরও চেনেন না। চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, এর সঙ্গে বাইরের লোকজনের উপস্থিতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

 

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের নেতা মিশু অভিযোগ করেন, টেলিভিশন কর্তৃপক্ষের লোকজন তাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছেন। তার দাবি, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তাদের কাছে ঘটনার ভিডিও রয়েছে।

 

বিকেল ৪টার দিকে বৈশাখী টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়। তবে মিশু এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা কোনো ভাঙচুর করেননি। তার বক্তব্য, ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে।

 

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, কার্যালয়ের সামনে অর্ধশতাধিক লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ টিপু আলম মিলনকে কার্যালয় থেকে নিয়ে যায়।

 

ঘটনা সম্পর্কে বৈশাখী টিভির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন জানান, তিনি একটি অনুষ্ঠানে থাকায় ঘটনার বিস্তারিত জানেন না।

 

ঘটনার পর কার্যালয়ে উত্তেজনা, চাকরিচ্যুতি, মারধর ও ভাঙচুরের অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

এই বিভাগের আরো খবর