সিরাজগঞ্জ প্রতিনিধি:
বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের সামনে গ্যাসের রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের গেইটের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। এ সময় মন্ত্রীর বাসভবনের প্রধান গেইটের সামনে থাকা গ্যাসের রাইজারের কাছে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পান তারা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তিনি বলেন, বাসভবনের গেইটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।