ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে সময় লাগবে ৭ বছর: প্রধানমন্ত্রী

সময়ের চিত্র রিপোর্ট:

ভোলায় থাকা গ্যাস পাইপলাইনের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে সরবরাহ করতে প্রায় সাত বছর সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দীর্ঘ সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ভোলাতেই গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সুলতানা আহমেদ জানতে চান, শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে ভোলার গ্যাস দ্রুত মূল ভূখণ্ডের পাইপলাইন নেটওয়ার্কে যুক্ত করা কিংবা ভাসমান প্রযুক্তির মাধ্যমে জরুরি ভিত্তিতে সরবরাহ নিশ্চিত করতে সরকারের কোনো ফাস্ট ট্র্যাক পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আনুমানিক সাত বছর সময় লাগতে পারে। তাই দীর্ঘসূত্রতা এড়াতে গ্যাসের স্থানীয় ব্যবহার নিশ্চিত করার দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ভোলায় গ্যাসভিত্তিক শিল্প স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কয়েকজন শিল্প উদ্যোক্তা সেখানে গ্যাসনির্ভর শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এসব শিল্প গড়ে উঠলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি ভোলার অর্থনীতিও আরও গতিশীল হবে।

প্রধানমন্ত্রী জানান, ভোলার গ্যাস দেশের স্বার্থে সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে সেখানে একটি সার কারখানা স্থাপনের উদ্যোগ রয়েছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে আরও একটি ৫০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

 

এই বিভাগের আরো খবর