ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

সময়ের চিত্র ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে। কেন্দ্র ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। শক্তিশালী কম্পনের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়েছে।

 

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের তীব্রতায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি।

 

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা অঞ্চলে সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

 

পরে পরিস্থিতি পর্যালোচনা করে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা প্রত্যাহার করে। তবে ভূমিকম্প-পরবর্তী কম্পন অব্যাহত থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর