স্টাফ রিপোর্টার:
ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে টানা ১০ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় কাজ করা প্রায় ৪ হাজার ২০০ লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) সদস্য।
সোমবার অনুষ্ঠিত কর্মসূচিতে এলএসপি সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এলএসপি সদস্যরা প্রায় সাত বছর আট মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাদের সেবার মাধ্যমে প্রাণিসম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় প্রাণীর মৃত্যুহার কমেছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, গত ৩০ জুন ২০২৬ প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ায় প্রায় ৪ হাজার ২০০ এলএসপি সদস্য কর্মহীন হয়ে পড়েছেন। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তারা দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা এবং ইউনিয়নভিত্তিক স্থায়ী নিয়োগের দাবি জানান।
এলএসপি নেতারা আরও জানান, এর আগে জাতীয় প্রেসক্লাবে একাধিক সংবাদ সম্মেলন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
তাদের দাবি, দ্রুত বিষয়টির সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।