ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৯৪৩, ধ্বংসস্তূপে বাড়ছে দুর্গন্ধ

সময়ের চিত্র ডেস্ক:

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন এলাকায় পৌঁছাতে জটিলতার কারণে উদ্ধার অভিযান এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভবন ধসের একদিন পর থেকেই অনেক ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, যা সময়ের সঙ্গে আরও তীব্র হচ্ছে। তবুও নিখোঁজ স্বজনদের সন্ধানে অসংখ্য মানুষ এখনও দুর্গত এলাকার আশপাশে অপেক্ষা করছেন।

স্বজনের খোঁজে অপেক্ষমাণ বাসিন্দা মিরেল্লা হেরেরা বলেন, প্রতিটি মুহূর্তই তাদের জন্য অত্যন্ত কঠিন। তিনি আশা করছেন, ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকলে উদ্ধারকারীরা তাদের দ্রুত বের করে আনতে পারবেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণেও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। গবেষকদের মূল্যায়নে দেখা গেছে, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে গবেষকরা এটিকে প্রাথমিক হিসাব বলে উল্লেখ করেছেন; পরবর্তী বিশ্লেষণে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

এই বিভাগের আরো খবর