সময়ের চিত্র ডেস্ক:
রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের স্কোর ছিল ১-১।
ম্যাচের শুরু থেকে বলের দখলে আধিপত্য ছিল জার্মানির। প্রথমার্ধে তারা প্রায় ৭৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও সেই আধিপত্যকে কার্যকর আক্রমণে রূপ দিতে পারেনি। উল্টো ৪২তম মিনিটে মাতিয়াস গালারজার বাড়ানো বলে হেড থেকে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো।
বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের গতি বাড়ায় জার্মানি। এর ফলও আসে দ্রুত। ৫৪তম মিনিটে কাই হাভার্টজের দুর্দান্ত হেডে সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ের ১০২তম মিনিটে জোনাথন টাহ জার্মানির হয়ে বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) পর্যালোচনায় গোলটি বাতিল করা হয়।
শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় প্যারাগুয়ে। আর টুর্নামেন্টের শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয় জার্মানিকে।