টি.সি. কল্যাণ কর্মচারী সমিতির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

জাহিদ হাসান :

বাংলাদেশের সকল জেলা রেজিস্ট্রার অফিস ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত টি (ট্যাক্স কালেক্টর) সহকারী ও টি.সি. (ট্যাক্স কালেক্টর) মোহরার পদকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ এবং রিট পিটিশন নং- ১৭৭৩/২০০৮-এর রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ টি.সি. কল্যাণ কর্মচারী সমিতির উদ্যোগে শনিবার (১৩ জুন ২০২৬) জাতীয় প্রেসক্লাব, ঢাকায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বক্তারা বলেন, নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন এসব পদে কর্মরত কর্মচারীরা সরকারের নির্ধারিত বেতন গ্রেডে বেতন পেলেও চাকরি শেষে পেনশন, অবসর ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া রাজস্ব খাতে পদোন্নতি পেলেও তাদের বেতন গ্রেড কমে যায় এবং পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতা গণনা করা হয় না, যা চাকরি বিধির চরম বৈষম্যের শামিল।

 

এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারীরা ২০০৮ সালে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং- ১৭৭৩/২০০৮ দায়ের করেন। ১৭ আগস্ট ২০০৯ তারিখে মহামান্য হাইকোর্ট উক্ত পদগুলোকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে চাকরির ধারাবাহিকতা বজায় রাখা, পদোন্নতি প্রদান এবং পেনশন সুবিধা নিশ্চিত করার পক্ষে রায় দেন।

 

পরবর্তীতে সরকার পক্ষ সিভিল আপিল নং- ১০৭/২০১১ দায়ের করলেও ২০ জুলাই ২০১৬ তারিখে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। পরে রিভিউ আবেদন নং- ৪৩১৯/২০১৯ দায়ের করা হলে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য প্রেরণ করা হয়। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্বের রায় বহাল রেখে সরকারের রিভিউ আবেদন খারিজ করে দেন।

 

কর্মচারী নেতারা অভিযোগ করেন, সর্বোচ্চ আদালতের রায় বহাল থাকার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। ফলে একদিকে কর্মচারীরা অবসরের পর পেনশন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে আইজিআর তহবিলের বিপুল অর্থ বিভিন্ন খাতে ব্যয় হচ্ছে।

 

বক্তারা আরও বলেন, আদালতের রায় বাস্তবায়িত একদিকে কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন, অন্যদিকে আইজিআর তহবিলের বিপুল পরিমাণ অর্থ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়ে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

 

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে টি.সি. শাখার কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে মহামান্য হাইকোর্ট ও আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

 

এই বিভাগের আরো খবর