সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে

সময়ের চিত্র ডেস্ক:

বর্ষা মৌসুম শেষ হওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

মন্ত্রী জানান, বাজেট বরাদ্দ ও প্রশাসনিক প্রস্তুতির ওপর ভিত্তি করে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে। সম্ভাব্যভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এ কার্যক্রম শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও নির্ধারিত সময়সীমার মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজধানীর পানি সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ঢাকায় প্রতিদিন প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার পানির চাহিদা রয়েছে, যেখানে উৎপাদন সক্ষমতা প্রায় ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। নিরাপদ পানি নিশ্চিত করতে নিয়মিত মান পরীক্ষা ও আধুনিক পরিশোধন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ রয়েছে এবং ভবিষ্যতে এ ব্যবস্থা আরও আধুনিক ও পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন সফটওয়্যার সংস্করণ চালুর প্রস্তুতি চলছে। এতে অনলাইন পেমেন্ট সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অপরদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংসদে জানান, তরুণদের মোবাইল ও মাদকের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিশেষ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা যাচাই করা হয়েছে।

এই বিভাগের আরো খবর