পবিত্র ঈদুল আজহা আজ

সময়ের চিত্র ডেস্ক:

আজ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা বহনকারী এই দিনটি ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত।

হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে পালিত এই উৎসব উপলক্ষে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নামাজ শেষে খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরা হবে।

ঈদের নামাজ আদায়ের পর সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন। ইসলামের শিক্ষা অনুযায়ী, নিজের প্রিয় বস্তু আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতাই কোরবানির মূল প্রতিপাদ্য।

ঐতিহাসিকভাবে ঈদুল আজহার সঙ্গে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইলের (আ.) অনন্য আত্মত্যাগের ঘটনা। মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইব্রাহিম (আ.) প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হন। তাঁর এই আনুগত্য ও ত্যাগের প্রতিদানস্বরূপ আল্লাহ তাআলা ইসমাইলের (আ.) পরিবর্তে একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করেন। সেই স্মৃতিকে ধারণ করেই মুসলিম বিশ্বে কোরবানির বিধান চালু রয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারাও পৃথক বাণীতে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনীতিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। টেলিভিশন চ্যানেল ও বেতারে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। পাশাপাশি হাসপাতাল, এতিমখানা, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির আমেজে রয়েছে দেশবাসী। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলমান ছুটি আগামী ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর